ঋণখেলাপিদের ছায়া দিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখানো হাস্যকর। আমাদের বেগমপাড়া গড়ার কোনো খায়েস নেই। আমরা মানুষের টাকা লুটপাট করতে আসিনি, আমরা আপনাদের আমানতের পাহারাদার হতে চাই, চৌকিদার হতে চাই— জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে এক নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘বিচারের নামে অবিচার করে আমাদের ১১ জন শীর্ষ নেতাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। পাঁচ জনকে ফাঁসিতে ঝোলানো হয়েছে এবং ছয় জনকে জেলের ভেতরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। বিশ্ববিখ্যাত মুফাসসেরে কুরআনকেও রহস্যজনকভাবে খুন করা হয়েছে।’
২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশপ্রেমিক সেনাসদস্য এবং সাধারণ মানুষের ওপর চলা জুলুমের তীব্র নিন্দা জানান তিনি।
জামায়াতে ইসলামীর আমির বলেন, গণভোটে ‘হ্যাঁ’ মানে আপনি আজাদির পক্ষে। ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে সেজন্যই এই ‘হ্যাঁ’ ভোট দরকার। আমরা পেছনে কামড়াকামড়ি করতে চাই না, বরং সমৃদ্ধ আগামীর দিকে এগিয়ে যেতে চাই।
তিনি বলেন, যে দলের কর্মীরা চাঁদার জন্য নিজের ভাইদের জীবন কেড়ে নেয়, তাদের বিষয়ে জনগণকে নতুন করে ভাবতে হবে। জামায়াত ক্ষমতায় গেলে দেশের মানুষের শাসক নয়, বরং প্রকৃত সেবক হিসেবে কাজ করবে।


