জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কথা দিয়েছিলাম, কথা রেখেছি। কারণ আমরা এই দেশকে ভালোবাসি, এ দেশের মানুষকে ভালোবাসি। যাকে ভালোবাসি, তার ক্ষতি করি না। জনগণের সহযোগিতা, ভালোবাসা, সমর্থন ও ভোট পেলে বাংলাদেশকে নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে বাগেরহাটে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমি কোনো দলের প্রতিনিধি হিসেবে নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক সহিংসতা, গুম, খুন ও নিপীড়নের প্রতিবাদ জানাতে জনসভায় বক্তব্য দিচ্ছি।
তিনি বলেন, সাম্প্রতিক আন্দোলনে নিহত, আহত ও পঙ্গু হওয়া যুবকদের পরিবারগুলোর কাছে গিয়ে তাদের কষ্ট দেখেছি। সন্তানহারা মা-বাবা, স্বামীহারা স্ত্রী ও বাবাহারা শিশুদের প্রশ্নের সামনে বাকরুদ্ধ হয়ে গেছি। আমি আজ তাদের হয়েই এখানে দাঁড়িয়েছি।
গুমের অভিযোগ তুলে তিনি বলেন, বহু পরিবার এখনো জানে না তাদের স্বজনরা জীবিত না মৃত। কেউ কবরের খোঁজ চেয়েছেন, কেউ জীবিত ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন। এসব মানুষের প্রশ্নের কোনো উত্তর তাদের কাছে ছিল না বলে জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, অন্যায়ের প্রতিবাদ করায় বহু আলেম-ওলামা, রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষকে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে। তিনি এসব ঘটনার তীব্র নিন্দা জানান।
তিনি আরও বলেন, আমরা কারো ওপর প্রতিশোধ নেইনি। বরং আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়লে জনগণের জানমাল রক্ষায় আমাদের কর্মীরা পাহারাদার হিসেবে মাঠে ছিল।
সরকার পরিচালনার সক্ষমতা নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, অতীতে জোট সরকারের অংশ হিসেবে জামায়াতের মন্ত্রীরা সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। জনগণ সুযোগ দিলে সেই আস্থার প্রতিদান দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
নারী নিরাপত্তা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দেশের মায়েরা আমাদের ওপর আস্থা রাখছেন। সুযোগ পেলে নারীদের নিরাপত্তা, মর্যাদা ও কর্মসংস্থান নিশ্চিত করা হবে।
তিনি বলেন, আমরা দুর্নীতি, চাঁদাবাজি ও ব্যাংক লুটের বিচার করব। প্রেসিডেন্ট থেকে সাধারণ কৃষক—সবার জন্য সমান বিচার নিশ্চিত করা হবে।
জনসভায় তিনি জনগণকে ১২ ফেব্রুয়ারির ভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি। নিজের ভোটের পাশাপাশি অন্যের ভোটও পাহারা দিন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন