ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৩০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হবো : নুরুল হক নুর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৫:৩৭ পিএম
গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর। ছবি - সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট সুষ্ঠু হলে কমপক্ষে ৩০ হাজার ভোট বেশি পেয়ে আমরা বিজয়ী হবো বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তার আসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনকালে এ কথা বলেন  তিনি ।

নুর বলেন, অভিযোগের মত শুনালেও এটা বাস্তব যে আমরা একটা ভদ্র নম্র পলিটিক্স করায় আমাদের লোকজন স্বাভাবিকভাবেই বিনয়ী মানুষ। তাদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে। মূলত, আমরা ভদ্র পলিটক্স করায় অনেকেই দুর্ব্যবহার করছেন।

তিনি বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে, অনেক জায়গায় প্রিসাইডিং অফিসার, সরকারী প্রিসাইডিং অফিসার-তারা একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কেন্দ্রের মধ্যে ভোট চাচ্ছেন এবং মানুষকে প্রেসার ক্রিয়েট করছেন। এতে আমাদের ভোটাররা এবং এজেন্টরা আতঙ্কিত হয়েছেন।

নুরুল হক নুর বলেন, এখানকার চল্লিশটির মতো ভোটকেন্দ্র অত্যাধিক ঝুঁকিপূর্ণ। যেখানে যেকোনো সময়ে সংঘাত-সহিংসতা হতে পারে। এখন শেষ সময় প্রশাসনের তৎপরতা না থাকলে একটু সমস্যা হবে। আশা করি, এ ব্যাপারে প্রশাসন পদক্ষেপ নেবে।