ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট জালিয়াতি, কারচুপি ও ফলাফল শিটে ঘষামাজার অভিযোগ তুলে পুনঃগণনার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে ইসিতে এসেছেন ১১-দলীয় ঐক্যের নেতারা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটে তারা রাজধানীর আগারগাঁওয়ে পৌঁছান।
বিষয়টি শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় আয়োজিত এক ব্রিফিংয়ে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
জুবায়ের জানান, নির্বাচনের দিন বিভিন্ন আসনে ভোট প্রদানে বাধা, এজেন্টদের কেন্দ্র থেকে বের করা এবং ফলাফল শিটে ওভাররাইটিং ও ঘষামাজার মতো অনিয়ম হয়েছে। এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের অবহিত করা হয়েছিল। তিনি অভিযোগ করেন, কিছু আসনে ফল প্রকাশে অস্বাভাবিক দেরি হয়েছে, আবার কিছু কেন্দ্রে বিদ্যুৎগতিতে ফল ঘোষণা করা হয়েছে। যেসব কেন্দ্রে নির্বাচনি আচরণবিধি মানা হয়নি এবং অনিয়ম হয়েছে, সেসব কেন্দ্রে পুনঃগণনার আবেদন করা হবে। সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রসঙ্গ টেনে জুবায়ের বলেন, বিভিন্ন স্থানে হামলায় আহত ও নিহতের ঘটনা ঘটেছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি আরও বলেন, সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পাওয়া দলের পক্ষ থেকে দৃশ্যমান নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ দেখা যাচ্ছে না।
ব্রিফিংয়ে জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল, ঢাকা-৬ আসনের প্রার্থী ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, পাবনা-১ আসনে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ওলি উল্লাহ নোমান উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল বলেন, ৩০টি আসনে পুনঃগণনা করলে প্রকৃত ফল প্রকাশ পাবে এবং যাদের পরাজিত দেখানো হয়েছে, তাদের অনেকেই বিজয়ী হবেন।
ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নান তার আসনের কয়েকটি কেন্দ্রের ফল শিটে অসংগতি তুলে ধরেন। অভিযোগে বলা হয়, এজেন্টদের নামের ভুল, এনআইডি নম্বরের অনুপস্থিতি, ওভাররাইটিং, কার্বন কপি করা, পেন্সিলে লেখা, পোলিং এজেন্টের নাম না থাকা, ফটোকপি শিট ব্যবহার এবং প্রিন্টের পরিবর্তে কলমে কেন্দ্রের নাম লেখা হয়েছে।
যেসব আসনে পুনঃগণনার আবেদন করা হবে, সেগুলোর মধ্যে রয়েছে— ঢাকা-৭, ঢাকা-৮, ঢাকা-১০, ঢাকা-১৩, ঢাকা-১৭, পঞ্চগড়-১, ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৩, দিনাজপুর-৫, লালমনিরহাট-১, লালমনিরহাট-২, গাইবান্ধা-৪, বগুড়া-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৩, খুলনা-৩, খুলনা-৫, বরগুনা-২, ঝালকাঠি-১, পিরোজপুর-২, ময়মনসিংহ-১, ময়মনসিংহ-৪, ময়মনসিংহ-১০, কিশোরগঞ্জ-৩, গোপালগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-৫, চাঁদপুর-৪, চট্টগ্রাম-১৪ ও কক্সবাজার-৪।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন