হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের গাজীপুর মহানগর নেতা বিল্লাল মোল্লাকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে জিএমপির টঙ্গী পশ্চিম থানার ওসি শাহীন খান জানান, যুবলীগ নেতা বিল্লাল মোল্লাকে রাতে বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পরে ইমিগ্রেশন পুলিশ তাকে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করে। টঙ্গী পশ্চিম থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হামলা, হত্যা ও নাশকতার অভিযোগে সাবেক কাউন্সিলর বিল্লাল মোল্লার বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।


