বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার (৬ মার্চ) ঢাকাস্থ অ্যাম্বাসি অব আর্জেন্টিনা ইন বাংলাদেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং বিভিন্ন অর্থনৈতিক খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এ সময় মামুনুল হক বলেন, আর্জেন্টিনা বাংলাদেশের তৈরি পোশাক ও ফার্মাসিউটিক্যাল খাতের প্রতি আগ্রহ প্রকাশ করেছে। তিনি দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সংক্ষিপ্ত আলোচনায় উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফরিদ খান উপস্থিত ছিলেন।

