ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের সিদ্ধান্তে নিন্দা জানিয়েছে এনসিপি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৮:৩০ পিএম
ছবি- সংগৃহীত

শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করার প্রাথমিক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির শিক্ষা ও গবেষণা সেলের পক্ষ থেকে এ সিদ্ধান্তকে শিক্ষাব্যবস্থার জন্য ‘পশ্চাৎমুখী উদ্যোগ’ বলে অভিহিত করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত এ প্রতিক্রিয়া জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমের মাধ্যমে জানা গেছে ১০ মার্চ (মঙ্গলবার) সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের উপস্থিতিতে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এনসিপির দাবি, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বাড়ানো এবং অযোগ্য ব্যক্তিদের মাধ্যমে শিক্ষকদের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতীতে স্থানীয় রাজনৈতিকভাবে প্রভাবশালী ও পর্যাপ্ত শিক্ষাগত যোগ্যতাবিহীন ব্যক্তিরা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হয়ে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের নানা উদাহরণ তৈরি করেছিলেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে, যারা কখনো শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশের সঙ্গে যুক্ত ছিলেন না বা শিক্ষাব্যবস্থা সম্পর্কে ন্যূনতম ধারণাও রাখেন না, তারাই স্নাতক বা উচ্চশিক্ষিত শিক্ষকদের ওপর অযাচিত প্রভাব বিস্তার করেছেন। এমনকি কিছু ক্ষেত্রে শিক্ষকদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করা হয়।

এনসিপি বলেছে, শিক্ষকদের দীর্ঘদিনের দাবি এবং শিক্ষানুরাগী সমাজের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হওয়ার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছিল। এ উদ্যোগটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল এবং শিক্ষাব্যবস্থায় একটি ইতিবাচক সংস্কারের সূচনা হিসেবে বিবেচিত হয়েছিল।

দলটির মতে, নবনির্বাচিত সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রত্যাশা ছিল পূর্ববর্তী ইতিবাচক সংস্কারগুলোকে ধারাবাহিকতা বজায় রেখে বিদ্যমান সংকটসমূহ সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তবে এ ধরনের উদ্যোগ সেই প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করার প্রাথমিক সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়েছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে অযাচিত রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে।