ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমানের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৯:১৮ পিএম
ছবি- সংগৃহীত

দেশের রাজনৈতিক পরিসরে নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ আজাদ পার্টি (বিএপি)। রোববার (১৯ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলটির যাত্রা শুরু হয়।

নতুন এ দলের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান। পাশাপাশি মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন কবির হোসেন, এমদাদ বাবু ও আল আমিন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, একটি নীতিনির্ধারণী উপদেষ্টা পরিষদ ও নির্বাহী কমিটি ইতোমধ্যে গঠন করা হয়েছে এবং পর্যায়ক্রমে সেগুলোর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

‘জান দেব, জুলাই দেব না’ এই স্লোগানকে সামনে রেখে দলটি ইনসাফ, নৈতিকতা ও গণতন্ত্রভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছে। তাদের ঘোষিত নীতিমালায় রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি, বিচারব্যবস্থা, শিক্ষা, পররাষ্ট্রনীতি ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের দিকনির্দেশনা তুলে ধরা হয়েছে।

ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং বিদেশি প্রভাবমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৭ দফা কর্মসূচিও ঘোষণা করেছে দলটি।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল (অব.) অলি আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান।