পিরোজপুরে আওয়ামী লীগের মিছিল শেষে শহর থেকে এক যুবলীগ কর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান।
আটক শামীম সিকদার (৩৮) পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠী এলাকার মৃত হান্নান সিকদারের ছেলে। তবে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার (৮ মে) সকাল ছয়টার দিকে মিছিল শেষে ধাওয়া করে শামীমকে আটক করা হয়। এর আগে সকালে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লিটন সিকদার সমর্থিত ৩০-৩৫ জনের একটি দল যুবলীগের ব্যানারে মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে স্লোগান দেয়।
পরবর্তীতে খবর পেয়ে জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান তার অনুসারীদের নিয়ে মিছিলটিতে ধাওয়া দিলে সবাই পালিয়ে যান। তবে পালিয়ে যেতে ব্যর্থ হন শামীম। এরপর তাকে আটক করে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হয়।
মারুফ হাসান জানান, মিছিল চলাকালে মিছিলকারীরা বর্তমান সরকার, বিএনপি এবং এর শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে অশ্লীল স্লোগান দিচ্ছিল। এ ছাড়াও তারা শহরে নাশকতার চেষ্টা করছিল।
শামীমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ওসি মো. মাহমুদ হাসান। তিনি বলেন, আটককৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


