বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, খালেদা জিয়ার প্রয়াণ বর্তমান সময়ে বাংলাদেশকে স্থিতিশীল করার প্রচেষ্টায় একটি বড় ধাক্কা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় সজীব ওয়াজেদ জয় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তিনি লেখেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দেশের এই সংকটময় সময়ে, যখন সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল করার নানা চেষ্টা চলছে, তখন তার চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে গভীর প্রভাব ফেলবে।
তিনি আরও উল্লেখ করেন, নানা রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অতীতে বিভিন্ন রাজনৈতিক সংকট ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও তিনি রাষ্ট্র পরিচালনা ও নীতিনির্ধারণে অবদান রেখেছেন বলে মন্তব্য করেন জয়।
সজীব ওয়াজেদ জয় বলেন, জাতি গঠনে খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে তিনি মরহুমার অসংখ্য সমর্থক ও শুভানুধ্যায়ীর প্রতিও আন্তরিক সমবেদনা জানান।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর আনুমানিক ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছিলেন তিনি। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত এই রাজনীতিকের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন