ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

দেড় যুগ পর কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৪:২৭ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পুরোনো ছবি

প্রায় দেড় যুগ পর বিএনপির নয়াপন্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার পর তিনি দলীয় কার্যালয়ে প্রবেশ করেন।

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর এই প্রথম নয়াপল্টনের দলীয় কার্যালয়ে যান তিনি। তারেক রহমান নয়াপল্টনে এসে পৌঁছালে স্লোগানে স্লোগান নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

কার্যালয়ের দ্বিতীয় তলায় তারেক রহমানের জন্য একটি চেম্বার প্রস্তুত করা হয়েছে।

এর আগে রোববার (২৭ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অফিস করেন তারেক রহমান।

এ দিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য তারা অপেক্ষা করছেন।

দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। এখানে কোনো নেতাকর্মীকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সিএসএফ ঘিরে রেখেছে পুরো কার্যালয়।

এ ছাড়াও পুরো নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে কঠোর নজরদারি। র‌্যাবের ‘ডগ স্কোয়াড’ দিয়ে কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

এর আগে গতকাল (২৮ ডিসেম্বর) প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ সেরেছিলেন তারেক রহমান। আজ তিনি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সাংগঠনিক কাজে অংশ নেবেন।