ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন : ডা. জাহিদ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৪:৪১ এএম
ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, “আমি গত পরশুদিন বলেছিলাম, তিনি তাঁর সবচেয়ে সংকটময় সময় অতিক্রম করছেন। সময়ই বলে দেবে তিনি কতটুকু এই সংকট কাটিয়ে উঠতে পারবেন।”

সোমবার (২৯ ডিসেম্বর) রাত ২টার পর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডা. জাহিদ জানান, খালেদা জিয়াকে দেখতে রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, খালেদা জিয়ার ছোট ভাইসহ অন্যান্য আত্মীয়-স্বজন হাসপাতালে এসেছেন। অনেকে এখনও হাসপাতালে অবস্থান করছেন।

তিনি আরও জানান, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি সব চিকিৎসক রাত ৩টা পর্যন্ত তাঁর চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছেন।

ডা. জাহিদ বলেন, “মেডিকেল বোর্ডের যেসব চিকিৎসক বাংলাদেশে আছেন, তারা হাসপাতালে উপস্থিত রয়েছেন। আর যারা বিদেশে আছেন, তারা অনলাইনে যুক্ত আছেন।”

খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন উল্লেখ করে ডা. জাহিদ বলেন, “এই অবস্থায় আমরা শুধু এটুকুই বলতে পারি—উনার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাই। মহান আল্লাহ যেন তাঁকে সুস্থ করে দেন।”