ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান, শিগগির ঘোষণা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৪:৪৪ এএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে। 

বিএনপির চেয়ারপারসনের দায়িত্বে ছিলেন সদ্য প্রয়াত তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ১৯৮৪ সালের ১০ মে থেকে চলতি বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত এ পদে ছিলেন তিনি। খালেদা জিয়ার প্রয়াণের মধ্য দিয়ে দলটির সর্বোচ্চ পদে শূন্যতা সৃষ্টি হয়েছে।

চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকেই সিনিয়র ভাইস চেয়ারম্যানের পদে থাকা তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান, আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক পথচলার সমাপ্তি ঘটেছে। শূন্যতা পূরণের স্বাভাবিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত আসবে। আজ বিকেলে মরহুমা খালেদা জিয়ার কুলখানি শেষে অথবা কাল স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানের চেয়ারম্যান পদ গ্রহণের ঘোষণা আসতে পারে।

তারেক রহমান ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে রাজনীতিতে জড়িত হন। পরবর্তী সময়ে ১৯৯১ ও ১৯৯৬ সালে খালেদা জিয়ার নির্বাচনী আসনগুলোতে সাংগঠনিক দায়িত্ব পালন করেন। ২০০২ সালে সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান।

২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেফতার হন এবং ২০০৮ সালে মুক্তির পর চিকিৎসার জন্য যুক্তরাজ্যে চলে যান। ২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে গেলে যুক্তরাজ্য থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনা করেন। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর স্বদেশে ফেরেন তিনি।