ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তারেক রহমানের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০১:১৮ এএম
দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন তারেক রহমান। ছবি : সংগৃহীত

দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বেকারত্ব সংকট এবং বিনিয়োগ পরিবেশসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, আমরা আজ ব্যবসা ক্ষেত্রে চলমান বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা করেছি। শিল্প খাত চালু রাখা, কর্মসংস্থান ঠিক রাখা এবং তা আরও বাড়ানো-এসব বিষয়েই আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি। আমরা বলেছি, অর্থনৈতিক উন্নয়ন করতে হলে সরকার যেই আসুক না কেন, ব্যবসায়ীদের মধ্যে আস্থা তৈরি করা অত্যন্ত জরুরি।

বিসিআইয়ের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী বলেন, অর্থনীতি ঠিক করতে হলে ব্যবসায়ীদের সঙ্গে নিয়েই কাজ করতে হবে—এই কথাটাই আমরা তারেক রহমানকে বলেছি। বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কর্মসংস্থান সৃষ্টি করা। বর্তমানে ধীরে ধীরে বেকারত্ব বাড়ছে, অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এগুলো কীভাবে পুনরুজ্জীবিত করা যায়, সে বিষয়ে আমরা তার সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। আমাদের বক্তব্য হলো-যে সরকারই আসুক না কেন, দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে এবং ব্যবসায়ীদের সঙ্গে একসঙ্গে কাজ করলেই অর্থনীতিকে দাঁড় করানো সম্ভব।

এক প্রশ্নের জবাবে মীর নাসির হোসেন বলেন, তার বডি ল্যাঙ্গুয়েজ আমাদের কাছে ইতিবাচক মনে হয়েছে। তিনি আন্তরিকতার সঙ্গে আমাদের কথা শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন-ক্ষমতায় আসতে পারলে ব্যবসায়ীদের সঙ্গে নিয়েই কাজ করবেন, যাতে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে এবং আমরা এগিয়ে যেতে পারি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আইসিসির সভাপতি মাহবুবুর রহমান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ, বিজেএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিসিআইয়ের সিনিয়র সহসভাপতি প্রীতি চক্রবর্তী, এমসিসিআইয়ের সভাপতি কামরান টি রহমান, ডিসিসিআইয়ের সভাপতি তাসকিন আহমেদ, বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল, বিকেএমএর সভাপতি মোহাম্মদ হাতেম, বিএসএমএর সভাপতি মইনুল ইসলাম স্বপন, বিএবিআইয়ের সভাপতি আবদুল হাই সরকার, বিজিএপিএমইএর সভাপতি মো. শাহরিয়ার, স্টিল মিল মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, বিএপিআইয়ের আব্দুল মুক্তাদির, বিএসআরএমের সভাপতি আলী হুসাইন আকবর আলী, এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসানসহ অন্যান্য শীর্ষ ব্যবসায়ী নেতারা।