বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরে ঢুকে তার চলন্ত গাড়িতে স্কচটেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দ্রুত পালিয়েছেন এক মোটরসাইকেল আরোহী। ঘটনার সময় তারেক রহমান ওই বুলেটপ্রুফ গাড়িতেই ছিলেন। তার গাড়ির সামনে ও পেছনে নিজস্ব নিরাপত্তা দলের সদস্যরাও উপস্থিত ছিলেন।
গত বুধবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে গুলশানের ৬৫ নম্বর সড়কে বিএনপি চেয়ারম্যান তার কার্যালয় থেকে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।
ঘটনার চার দিন পার হলেও পুলিশ এখনো ওই মোটরসাইকেল বা আরোহীকে শনাক্ত করতে পারেনি। খামের ভেতরে কী ছিল, সে বিষয়েও পুলিশ কোনো তথ্য প্রকাশ করেনি। এ ঘটনায় গুলশান থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম রোববার রাতে বলেন, একটি মোটরসাইকেল দ্রুতগতিতে এসে বিএনপি চেয়ারম্যানের বুলেটপ্রুফ গাড়িতে স্কচটেপ দিয়ে একটি খাম লাগিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। কী উদ্দেশ্যে এটি করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও বলেন, সাদা রঙের একটি হিরো হাংক মোটরসাইকেলে একজন আরোহী ছিলেন। ঘটনার একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে, তবে সেটি খুব স্পষ্ট নয়। ভিডিওতে দেখা যায়, খাম লাগিয়ে মোটরসাইকেলটি ৬৫ নম্বর সড়ক ধরে আমেরিকান ক্লাবের দিকে চলে যায়। ওই সময় তারেক রহমানের গাড়িবহরে তার নিজস্ব নিরাপত্তা দলও উপস্থিত ছিল।
এ বিষয়ে গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক আলম বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। খামের ভেতরে কী ছিল বা সেখানে কী লেখা ছিল, সে তথ্য পুলিশকে জানানো হয়নি। খামটি বর্তমানে বিএনপি চেয়ারম্যানের নিজস্ব নিরাপত্তা দলের (সিএসএফ) কাছে রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন