ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কৃষকের উন্নয়ন হলেই জাতির উন্নয়ন হবে : সালাহউদ্দিন আহমদ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৫:৫৭ পিএম
সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গরিব মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে। বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়নের পক্ষের দল বিএনপি।

শনিবার (২৪ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়া উপজেলায় নির্বাচনি পথসভায় তিনি লবণ শ্রমিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি আমলে আমরা লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করেছিলাম। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে আবার ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। এখন অস্থায়ী সরকার ক্ষমতায় রয়েছে। তাদের বলে আপাতত লবণ আমদানি বন্ধ করিয়েছি।’

নিজ প্রতীকে ভোট চেয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ছাড়া কেউ জনগণের কল্যাণ নিশ্চিত করে না। ক্ষমতায় গেলে বিএনপি লবণ চাষিদের স্বার্থে কাজ করবে। চাষিদের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ধানের শীষের পক্ষে সবাইকে রায় দিতে হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ একসময় রাজনৈতিক দল ছিল, এখন মাফিয়া পার্টি। এই দলটি এখন বাংলাদেশের বিপক্ষ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত। দেশের উৎপাদিত পণ্যের ওপর যেমন লেখা থাকে মেইড ইন বাংলাদেশ, তেমনি আওয়ামী লীগ হলো মেইড ইন ইন্ডিয়া। ‘ইন্ডিয়ার মাল ইন্ডিয়ায় রপ্তানি হয়ে গেছে, এখন দেশে নতুন করে পাকিস্তানি মাল আসবে নাকি?’ প্রশ্ন রাখেন এ নেতা।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, যেখানে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসবে না।’ ধর্মীয় বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যারা দেশ নিয়ে কোনো পরিকল্পনা না দিয়ে শুধুই জান্নাতের কথা বলছে, তারা মানুষের ইমান নষ্ট করছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে থাকা দল বিএনপি।’