নেতাকর্মীদের অগণতান্ত্রিক প্রক্রিয়ায় দল থেকে বহিষ্কারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলনের মাধ্যমে মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিবসহ জেলা বিএনপির পাঁচ নেতা পদত্যাগ করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে শহরের পঞ্চসার এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারীরা হলেন—মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য শাহাদাত হোসেন সরকার, আতাউর হোসেন বাবুল ও কাজী আবু সুফিয়ান বিপ্লব।
তারা সবাই মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন আহমেদের অনুসারী হিসেবে পরিচিত।
সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতারা অভিযোগ করে বলেন, কেন্দ্র থেকে ধারাবাহিকভাবে জেলা পর্যায়ের নেতাদের বহিষ্কার করা হচ্ছে। কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই অগণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং দলীয় গঠনতন্ত্রের বাইরে এসব বহিষ্কার আদেশ দেওয়া হচ্ছে।
দীর্ঘদিন ধরে হামলা-মামলার শিকার হয়েও যারা দলের জন্য কাজ করেছেন, সেই শীর্ষ নেতাদের বহিষ্কার করা হচ্ছে। এসব ঘটনার প্রতিবাদে তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডাকলে তারা দলে ফিরে আসবেন বলেও জানান।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমদ বলেন, পদত্যাগকারীরা দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তারা দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছিলেন। তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার খবর জানতে পেরে আগেভাগেই তারা পদত্যাগ করে দল থেকে সরে গেছেন।
প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদসহ ইতোমধ্যে জেলা বিএনপির ১৩ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন