ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শনিবার উত্তরাঞ্চলের তিন জেলায় যাচ্ছেন তারেক রহমান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১১:১৬ এএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরাঞ্চলের তিনটি জেলা সফরে যাচ্ছেন। সফরসূচি অনুযায়ী, প্রথমে ঠাকুরগাঁও, পরে নীলফামারী হয়ে দিনাজপুরে যাবেন তিনি। প্রতিটি জেলায় জনসভায় অংশ নেওয়ার পাশাপাশি পারিবারিক কবর জিয়ারতেরও কথা রয়েছে।

দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনি এলাকায় সফরের প্রথম জনসভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রস্তুতি চলছে। জনসভায় উপস্থিত থাকতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় সূত্র জানায়, ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে হেলিকপ্টারে জনসভাস্থলে যাবেন বিএনপি চেয়ারম্যান। প্রায় দুই দশকের বেশি সময় পর তাকে সরাসরি দেখার অপেক্ষায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, ঠাকুরগাঁওসহ আশপাশের এলাকার উন্নয়ন নিয়ে দলের পক্ষ থেকে বিভিন্ন পরিকল্পনা রয়েছে। তারেক রহমানের সফরের মাধ্যমে এসব পরিকল্পনা বাস্তবায়নে নতুন গতি আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

পুলিশ সূত্র জানায়, তারেক রহমানের নির্বাচনি সফর উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

ঠাকুরগাঁও সফর শেষে নীলফামারীতে জনসভায় অংশ নেবেন তারেক রহমান। এরপর তিনি দিনাজপুরের বিরামপুরে যাবেন। যেখানে তার পারিবারিক স্মৃতিবিজড়িত স্থান রয়েছে। প্রায় ২০ বছর পর তাকে কাছে পাওয়ার আশায় সেখানকার নেতাকর্মী ও সমর্থকরাও উচ্ছ্বসিত।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ বলেন, তারেক রহমান ও জিয়া পরিবারের প্রতি সাধারণ মানুষের যে ভালোবাসা রয়েছে, তা ৭ ফেব্রুয়ারির জনসভাগুলোতে উপস্থিতির মাধ্যমেই প্রমাণিত হবে।