ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আজ উত্তরাঞ্চলের ৩ জেলা সফর করবেন তারেক রহমান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৯:০৯ এএম
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরাঞ্চলের তিনটি জেলা সফর করবেন। সফরের শুরুতে তিনি ঠাকুরগাঁওয়ে জনসভায় যোগ দেবেন। এরপর নীলফামারী হয়ে দিনাজপুরের বিরামপুরে যাবেন। দিনাজপুরে তিনি পরিবারের সদস্যদের কবর জিয়ারত করবেন। দীর্ঘ ২৩ বছর পর তারেক রহমানকে সামনে থেকে দেখার অপেক্ষায় রয়েছেন এই অঞ্চলের বিএনপি নেতাকর্মীরা।

সফরের প্রথম জনসভা অনুষ্ঠিত হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনি এলাকা ঠাকুরগাঁওয়ে। এ উপলক্ষে ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয় মাঠে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জনসভায় সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় সূত্র জানায়, তারেক রহমান ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে হেলিকপ্টারে জনসভাস্থলে যাবেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, ঠাকুরগাঁওয়ের উন্নয়ন নিয়ে দলের মহাসচিবের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। তারেক রহমানের এই সফরের মাধ্যমে সেসব পরিকল্পনা বাস্তবায়ন আরও গতিশীল হবে বলে তারা আশা করছেন।

পুলিশ জানিয়েছে, তারেক রহমানের নির্বাচনি সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তার চলাচল ও জনসভা ঘিরে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের জনসভা শেষে বিএনপি চেয়ারম্যান নীলফামারীতে আরেকটি জনসভায় অংশ নেবেন। এরপর তিনি দিনাজপুরের বিরামপুরে যাবেন, যেখানে জড়িয়ে আছে তার পারিবারিক স্মৃতি। স্থানীয়দের ভাষ্য, প্রায় দুই দশক পর তারেক রহমানকে কাছে পেয়ে তারা নতুন আশার আলো দেখছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বিরামপুরে তারেক রহমানের নানার বাড়ি রয়েছে। দীর্ঘদিন ধরে এই এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তার সফরের মাধ্যমে এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে তারা প্রত্যাশা করছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, তারেক রহমান ও জিয়া পরিবারের প্রতি মানুষের ভালোবাসা আজকের জনসভায় বিপুল উপস্থিতির মাধ্যমে স্পষ্টভাবে প্রতিফলিত হবে।