ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনি গণসংযোগে এবার অংশ নিয়েছেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে তিনি গণসংযোগ কার্যক্রম শুরু করেন।
এ সময় গুলশানের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে তিনি সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। পথচারী, রিকশাচালক, সিএনজিচালক, দোকানি, ফুটপাতের বিক্রেতা এবং শপিং মলে আসা ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রত্যেকের হাতে নির্বাচনি লিফলেট তুলে দেন।
গণসংযোগের অংশ হিসেবে এলাকার বিভিন্ন অফিস ও ব্যাংকেও প্রবেশ করেন জাইমা রহমান। একটি বেসরকারি ব্যাংকে উপস্থিত ভোটারদের সঙ্গে কথা বলে তারেক রহমানের পক্ষে সমর্থন কামনা করেন এবং লিফলেট বিতরণ করেন।
এ সময় ভোটারদের উদ্দেশে জাইমা রহমান জানান, তিনি তারেক রহমানের কন্যা হিসেবে বাবার নির্বাচনি প্রচারে অংশ নিয়েছেন এবং ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান।
গণসংযোগে জাইমা রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিচর্যাকারী ফাতেমা খাতুনসহ দলীয় নেতাকর্মী ও নিরাপত্তা সদস্যরা। যদিও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মিশে গিয়ে ভোট চাইতে দেখা যায় জাইমা রহমানকে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন