বিএনপি সরকার গঠন করতে পারলে ঢাকা শহরে ৪০টি আধুনিক খেলার মাঠ তৈরি করা হবে। যাতে আমাদের শিশুরা যেন স্মার্টফোনের আসক্তি ছেড়ে মাঠে ফেরার সুযোগ পায়। পাশাপাশি যানজট নিরসনে রাস্তা প্রশস্তকরণ এবং নাগরিক সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে আয়োজিত নির্বাচনি সভায় এ প্রতিশ্রুতি দেন তিনি।
তারেক রহমান বলেন, আমি এই মাটিরই সন্তান। আপনাদের মাঝেই আমার বেড়ে ওঠা। তাই এই এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে আমার নাড়ির টান। আমরা এমন এক ঢাকা গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিক বুক ভরে শ্বাস নিতে পারবে এবং নিরাপদে বসবাস করবে।
তিনি বলেন, আমার দল ইনশাআল্লাহ আপনাদের ভোটে এবং এই দেশের মানুষের ভোটে নির্বাচিত হলে আমরা সমগ্র দেশের শহর, এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই। যেই শহরে মা-বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যেকোনো সময়ে হাঁটতে পারবেন, যেই শহরের মানুষ নিরাপদে বসবাস করতে পারবেন, ব্যবসা-বাণিজ্য, চাকরি-বাকরি করতে পারবেন। আমরা ঢাকাকে একটি সুন্দর শহর গড়ে তুলতে চাই। যে শহরে মানুষ বুক ভরে শ্বাস নিতে পারবেন।
তারেক বলেন, এখানে একটু আগে আবদুস সালাম সাহেব বলেছেন, এই এলাকায় খেলার মাঠ নেই। আপনাদের সকলের জানার জন্য আমি বলতে চাই যে, ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বিএনপি ১২ তারিখে সরকার গঠন করলে শুধু এই এলাকাতে নয়, ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করব ইনশাল্লাহ যাতে করে আমাদের সন্তানেরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে, যাতে করে আমাদের মুরুব্বিরা, মা-বোনেরা বিকেলবেলায় বা তাদের প্রয়োজনের সময় যেন মাঠে হাঁটা-চালা করতে পারেন।
তিনি বলেন, আমি আপনাদের প্রার্থী, ধানের শীষের প্রার্থী, এই এলাকা থেকে ঢাকা-১৭ থেকে থেকে প্রার্থী হয়েছি। আমি এই এলাকারই সন্তান, আমি ছোটবেলা থেকে, আমার শিশু বয়স থেকে আমি এই এলাকাতেই বড় হয়েছি, আমার সন্তানেরা এই এলাকায় জন্মগ্রহণ করেছে আমার এবং আমার ভাইয়ের, আমাদের বিয়ের শাদী এই এলাকাতেই হয়েছে।
বিএনপির চেয়ারম্যান বলেন, আমি এই এলাকারই সন্তান এবং এই এলাকার সন্তান হিসাবে এই এলাকার মুরুব্বি, এলাকার মায়েদের কাছে, এই এলাকার ভাইদের কাছে, এলাকার বোনদের কাছে আজ আমি ধানের শীষের জন্য ভোট চাইছি। আজ আমি ধানের শীষকে জয়যুক্ত করার জন্য আমার এলাকাবাসী ভাই-বোন, মুরুব্বীদেরকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, যাতে আগামী ১২ তারিখের নির্বাচনে আপনারা এলাকায় এই এলাকায় ধানের শীষকে ইনশাআল্লাহ নির্বাচিত করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন