ঢাকা-১৪ আসনে প্রশাসনের অসহযোগিতা ও নজিরবিহীন কারচুপির অভিযোগ তুলে ফলাফল স্থগিতের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।
সানজিদা ইসলাম তুলি বলেন, নির্বাচনের দিন সকাল থেকেই প্রশাসনের একাংশ নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। বিশেষ করে দুপুরের পর থেকে পোলিং এজেন্টদের ওপর প্রশাসনিক সহায়তায় শারীরিক আক্রমণ চালানো হয়েছে এবং তাদের জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, ১১ ফেব্রুয়ারি গভীর রাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর (দাঁড়িপাল্লা প্রতীক) পক্ষ থেকে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে আর্থিক লেনদেন এবং ভোটারদের মাঝে অর্থ বিতরণ করা হয়েছে। এ সংক্রান্ত ভিডিও প্রমাণ তাদের কাছে রয়েছে বলে তিনি দাবি করেন।
বিএনপি মনোনীত এই প্রার্থী বলেন, ভোট গণনার আগেই পোলিং এজেন্টদের কাছ থেকে ফলাফল শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে। এছাড়া, ঢাকা-১৪ আসনের ফলাফল প্রকাশে উদ্দেশ্যমূলক বিলম্ব করা হয়েছে এবং অনেক কেন্দ্রে ফল প্রকাশ না করেই ব্যালট পেপার সরাসরি নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকে শুধু একজন প্রার্থীর প্রতি নয়, বরং পুরো গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অবিচার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের মৌলিক নীতি— স্বচ্ছতা ও নিরপেক্ষতা, যা চরমভাবে লঙ্ঘিত হয়েছে।


