ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা ২৮ জন আইনজীবীর মধ্যে ২৪ জন বিজয়ী হয়েছেন। নির্বাচিত এই ২৪ জনের মধ্য থেকে নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন ৭ জন-এর মধ্যে ৪ জন পূর্ণমন্ত্রী এবং ৩ জন প্রতিমন্ত্রী।
মন্ত্রিসভায় স্থান পাওয়া এই ৭ জনের মধ্যে ৫ জনই বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর নিয়মিত আইনজীবী। তারা হলেন- অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল এবং ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় উন্মুক্ত আকাশের নিচে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
নিতাই রায় চৌধুরী (মাগুরা-২)
মাগুরা-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এই ভাইস চেয়ারম্যান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৬ হাজার ৬৯৬ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী।
মো. আসাদুজ্জামান (ঝিনাইদহ-১)
ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। সাবেক এই অ্যাটর্নি জেনারেল ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনিও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী।
ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোনা-১)
নেত্রকোনা-১ আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার কায়সার কামাল ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক। ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৯ হাজার ৭০১ ভোট পেয়ে তিনি বিজয়ী হন। তিনিও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী।
ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (চট্টগ্রাম-৫)
চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন। বিএনপির এই সহ-সাংগঠনিক সম্পাদক ধানের শীষ প্রতীকে ১ লাখ ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি সুপ্রিম কোর্টের একজন নিয়মিত আইনজীবী।

