বগুড়া-৬ (সদর) আসন—যা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ‘জিয়া পরিবারের দুর্গ’ হিসেবে পরিচিত। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই আসন এবং ঢাকা-১৭ আসন থেকে জয়লাভ করেন। তবে সাংবিধানিক নিয়ম অনুযায়ী তিনি ঢাকার আসনটি রেখে বগুড়া-৬ ছেড়ে দেওয়ায় সেখানে উপ-নির্বাচন এখন অনিবার্য। আর এই উপ-নির্বাচনকে কেন্দ্র করেই এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে একটি নাম—ব্যারিস্টার জাইমা রহমান।
তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত গুঞ্জন ছড়িয়েছে, বাবার ছেড়ে দেওয়া এই ঐতিহাসিক আসনে নির্বাচনের মাধ্যমে সংসদীয় রাজনীতিতে অভিষেক হতে যাচ্ছে তারেক কন্যা জাইমার। যদিও উত্তরসূরি হিসেবে এই আসনে আলোচনায় রয়েছেন তিনজন নারী।
ব্যারিস্টার জাইমা রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা। তরুণ প্রজন্মের কাছে তার জনপ্রিয়তা এবং আইনি ব্যাকগ্রাউন্ড তাকে এই দৌড়ে এগিয়ে রাখছে।
ডা. জুবাইদা রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান। মার্জিত ব্যক্তিত্ব ও দলের ভেতরে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।
পাশাপাশি আলোচনায় রয়েছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, বগুড়া-৬ শুধু একটি আসন নয়, এটি আমাদের আবেগের জায়গা। দল যাকে মনোনয়ন দেবে, আমরা তার হয়েই কাজ করব।
অন্যদিকে, মাঠপর্যায়ের অনেক নেতাকর্মী জানান, দীর্ঘদিনের পরীক্ষিত ও স্থানীয় নেতাদের মধ্য থেকেও প্রার্থী বিবেচনা করা উচিত।
নামপ্রকাশে অনিচ্ছুক এক কেন্দ্রীয় নেতা বলেন, বগুড়া-৬ থেকে এমন কাউকে প্রয়োজন যিনি সরকারের শক্ত প্রতিনিধিত্ব করতে পারবেন।
এদিকে বিএনপি নয়া পল্টন কার্যালয়ের এক বিশ্বস্ত সূত্র বলছে, বাবার ছেড়ে দেওয়া আসন থেকে উপনির্বাচনে লড়তে পারেন মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তবে কে লড়বে এই আসন থেকে তার সিদ্ধান্ত নেবে দল।
বগুড়া শহরের সাতমাথা এলাকায় ভোটারদের সাথে কথা বলে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। তারা বলেন, ‘দল এখন ক্ষমতায়, তাই আমরা এমন একজন সংসদ সদস্য চাই যিনি এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে পারবেন।’
তরুণ ভোটাররা জানান, শুধুমাত্র নামের জোরে নয়, আমরা চাই শিক্ষিত ও আধুনিক মনমানসিকতার কাউকে, যিনি তরুণদের কর্মসংস্থান নিয়ে কাজ করবেন।


