ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বিএনপির ফজলুর রহমানকে বহিষ্কার নিয়ে যা জানা গেল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৫:০৬ পিএম
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। ছবি : সংগৃহীত

আধুনিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে, যার সবই সত্য নয়। সম্প্রতি এমনই একটি ঘটনা সামনে এসেছে। ফেসবুকে বিএনপির প্যাডে প্রকাশিত একটি কথিত প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে দাবি করা হচ্ছে, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

তবে এ ঘটনা যাচাই করে দেখা গেছে, এই দাবিটি সঠিক নয়। প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি বিএনপির আসল কোনো বিজ্ঞপ্তি নয়; এটি সম্পূর্ণ বানোয়াট। ঘটনাটি নিয়ে পরে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও সতর্কতা জারি করা হয়।

ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণে দেখা যায়, এতে ২০ এপ্রিল ২০২৬ তারিখ উল্লেখ করে ফজলুর রহমানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে স্থায়ী বহিষ্কারের কথা বলা হয়েছে। তবে নথিটির উপস্থাপনায় অসামঞ্জস্য স্পষ্ট। ফন্টের আকার, লাইনের ফাঁক, টেক্সট বিন্যাস এবং সামগ্রিক লে-আউট বিএনপির অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তির সঙ্গে মিল নেই।

এ বিষয়ে অনুসন্ধানে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট পাওয়া যায়। সেখানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বরাত দিয়ে জানানো হয়, ২০ এপ্রিল ২০২৬ তারিখে ফেসবুকে ছড়ানো প্রেস বিজ্ঞপ্তিটি ‘সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত’।

আরও বলা হয়, এ ধরনের কোনো বিজ্ঞপ্তি বিএনপির দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি এবং এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য নেতাকর্মী ও সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়।