সাম্প্রতিক ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালাউদ্দিন আম্মারকে সতর্ক করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে সালাউদ্দিন আম্মার।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে রাকিবুল ইসলাম রাকিব দাবি করেন, চট্টগ্রামে সাম্প্রতিক ছাত্রদল-শিবির সংঘর্ষ এবং বিভিন্ন ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতি ছাত্রদল ধৈর্য ও সহনশীলতার সঙ্গে মোকাবিলা করেছে। তার মতে, এসব ঘটনার পেছনে ‘গুপ্ত রাজনীতি’ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ফটোকার্ড ছড়িয়ে দেওয়ার বিষয় জড়িত।
তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ইসলামী ছাত্রশিবিরসহ সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানানো হয়েছে। ছাত্রদলের নেতাকর্মীদেরও নির্দেশ দেওয়া হয়েছে, তারা কোনো উসকানিমূলক পরিস্থিতি তৈরি করবে না এবং এমন কর্মকাণ্ডে প্রতিক্রিয়া দেখাবে না।
তবে তার অভিযোগ, একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সময়ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালাউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক স্ট্যাটাস দিচ্ছেন এবং অশালীন ভাষা ব্যবহার করছেন।
রাকিবুল ইসলাম রাকিব আরও বলেন, ছাত্রদল শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়েই নয়, দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা ও উপজেলায় সংগঠনের বিস্তৃতি রয়েছে। দীর্ঘ সময় ধরে সংগঠনের নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি সালাউদ্দিন আম্মারকে উদ্দেশ করে বলেন, অশালীন ভাষা ও ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে সবাইকে গণতান্ত্রিক ও গঠনমূলক সমালোচনার আহ্বান জানান।
পোস্টের শেষাংশে তিনি বলেন, দেশের ক্যাম্পাসগুলোতে স্বাভাবিক শিক্ষা পরিবেশ বজায় রাখা এবং স্থিতিশীল বাংলাদেশ গড়ে তুলতে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

