ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মাস্টার্সে ভর্তি অনিশ্চয়তার মুখে পড়লে তার পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. তরিকুল ইসলাম তারিক। অর্থসংকটে পড়া ওই শিক্ষার্থীর ভর্তির প্রয়োজনীয় ব্যয়ভার বহন করেছেন তিনি।
মো. তরিকুল ইসলাম তারিক জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
সহায়তা পাওয়া শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের চাইনিজ ভাষা ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র এবং বর্তমানে স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী। আগামী ৭ মে তার মাস্টার্স ভর্তির শেষ সময় ছিল।
জানা যায়, স্কলারশিপ পরীক্ষার ফি, প্রয়োজনীয় কাগজপত্র, এফিডেভিট ও পুলিশ ক্লিয়ারেন্স করতে গিয়ে নিজের সঞ্চিত অর্থ শেষ হয়ে যায় ওই শিক্ষার্থীর। পরিবারও ঋণগ্রস্ত হওয়ায় সেখান থেকে সহায়তা পাওয়া সম্ভব হয়নি। ফলে তার উচ্চশিক্ষা বন্ধ হওয়ার শঙ্কা তৈরি হয়।
এমন পরিস্থিতিতে হলের এক বড় ভাইয়ের মাধ্যমে তরিকুল ইসলাম তারিকের সঙ্গে যোগাযোগ করেন তিনি। সোমবার (৪ মে) সন্ধ্যায় বিষয়টি জানার পরপরই তারিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন এবং দ্রুত প্রয়োজনীয় অর্থ সহায়তা দেন।
সহায়তা পেয়ে শিক্ষার্থী কৃতজ্ঞতা জানিয়ে বলেন, অর্থের অভাবে আমার পড়াশোনা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। এই সহায়তা আমাকে নতুন করে আশা ও প্রেরণা জুগিয়েছে।
এ বিষয়ে তরিকুল ইসলাম তারিক বলেন, রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা। একটি মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা শুধু অর্থের অভাবে বন্ধ হয়ে যাওয়া গ্রহণযোগ্য নয়। তাই ব্যক্তিগত উদ্যোগে তার পাশে দাঁড়িয়েছি।
তিনি আরও বলেন, ছাত্ররাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত সাধারণ শিক্ষার্থীদের সেবা করা এবং সংকটে তাদের পাশে থাকা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন