জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ও মহানগর যুগ্ম সমন্বয়কারী মুহাম্মদ সাঈদুর রহমান সব দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
রোববার (২৫ জানুয়ারি) রাত ১টার সময় নিজের ফেসবুক আইডিতে পদত্যাগের এ ঘোষণা দেন।
এ সময় তিনি লেখেন, আজ থেকে আমি এনসিপির সব ধরনের দায়দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।
মুহাম্মদ সাঈদুর রহমান উল্লেখ করেছেন, এনসিপি গঠনের পর চট্টগ্রামে দলটি কার্যকরভাবে নিজের পায়ে দাঁড়াতে পারেনি। কেন্দ্রীয় নেতৃত্বের অস্পষ্ট ও দ্বিচারিতামূলক সিদ্ধান্ত এবং স্থানীয় কমিটিগুলোর প্রতি অবহেলার কারণে তিনি হতাশ হয়েছেন।
-20260125193145.jpg)
তিনি অভিযোগ করে বলেন, দলটির কিছু নেতা চট্টগ্রামের কমিটিগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছেন, ফলে স্থানীয় নেতাদের কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে।
তিনি আরও উল্লেখ করেছেন, এনসিপির শুরু থেকে চট্টগ্রামের জনমতের আশা পূরণে ব্যর্থতা এবং দলটির জামাতের সঙ্গে নির্বাচনী জোটের কারণে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রতিধ্বনি তৈরি হয়েছে। এছাড়া দীর্ঘ আন্দোলনের সময় স্বতন্ত্র ও অরাজনৈতিক জনগোষ্ঠীকে একত্রিত করতে পারার সুযোগ থাকা সত্ত্বেও তা কাজে লাগানো হয়নি।
এনসিপির এ নেতা আরও লেখেন, যে দলের রাজনীতি করলে আমি চট্টগ্রামের মানুষের জন্য কিছু করতে পারব না, সেই দলের সঙ্গে যুক্ত থাকার যৌক্তিকতা আমি আর দেখতে পাচ্ছি না।
পদত্যাগের দীর্ঘ স্ট্যাটাসের শেষে সবাইকে সালাম জানিয়ে এনসিপির সমস্ত দায়িত্ব থেকে নিজেকে অব্যাহতি দিয়ে লিখেছেন, একটি অধ্যায়ের সমাপ্তি, নিজের হাতে গড়ে তোলা একটা সংগঠন থেকে দূরে সরে যাওয়া কতোটা কষ্টের-ক্লান্তির-হতাশার-গ্লানির-পীড়াদায়ক তা আমি মর্মে মর্মে উপলব্ধি করছি। এই সংগঠন গড়ে তোলার জন্য নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছি। নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়েছি। নিজেকে বিসর্জন দিয়েছি। নিজের ও নিজের পরিবার এবং অনগাত ভবিষ্যতের সাথে প্রতারণা করেছি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন