আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগরী দক্ষিণের সাতটি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন।
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দের দিনে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংশ্লিষ্ট প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা-৪ আসনে ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-৫ আসনে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৬ আসনে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সহকারী সেক্রেটারি ড. মুহাম্মদ আব্দুল মান্নান, ঢাকা-৭ আসনে বিশিষ্ট ব্যবসায়ী নেতা হাজী হাফেজ এনায়েত উল্লাহ এবং ঢাকা-১০ আসনে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট মো. জসীম উদ্দীন সরকার দাঁড়িপাল্লা প্রতীক লাভ করেন।
অপরদিকে, বাকি দুটি আসনে ১০ দলীয় জোট ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’-সমর্থিত প্রার্থীরা শাপলা কলি প্রতীক পেয়েছেন। এর মধ্যে ঢাকা-৮ আসনে এনসিপি নেতা নাসিরউদ্দীন পাটোয়ারী এবং ঢাকা-৯ আসনে জাবেদ মিয়া রাসিন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ঢাকা মহানগরী দক্ষিণে নির্বাচনী কার্যক্রম আরও গতি পেল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন