ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৫:৫৪ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত করেন এবং তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের আমির জনাব মো. সেলিম উদ্দিন এবং বনানী ও গুলশান থানা জামায়াতের বহু নেতাকর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন।

এ সময় ডা. শফিকুর রহমান শহীদ সেনা সদস্যদের পরিবারের উদ্দেশে বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় পরিকল্পিতভাবে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে মর্মান্তিকভাবে হত্যা করেছে— তারা সকলেই ছিলেন দেশপ্রেমিক ও জাতির শ্রেষ্ঠ সম্পদ। আমরা নিহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা আপনাদের সবর করার তাওফিক দান করুন।

তিনি সরকারের উদ্দেশে বলেন, দেশবাসী ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সেনা হত্যার নির্মম ঘটনার প্রকৃত কারণ জানতে চায়। একই সঙ্গে আমি অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত ‘বিডিআর তদন্ত কমিশন’-এর রিপোর্ট অনুযায়ী দোষী ব্যক্তিদের নাম জাতির সামনে প্রকাশ করার দাবি জানাচ্ছি এবং তাদের দ্রুত গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।