ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ইরানে হামলা বন্ধ না হলে ইসরায়েলি পণ্য বয়কটের হুঁশিয়ারি জামায়াতের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৭:৪৫ পিএম
জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। ছবি- সংগৃহীত

ইরানে সামরিক হামলা অব্যাহত থাকলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা বলেছেন, পরিস্থিতির উন্নতি না হলে ইসরায়েলি পণ্য বয়কটসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

রোববার (১ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলটি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনায় প্রতিবাদ জানাতে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। তিনি দাবি করেন, ইরানের জনগণের বিরুদ্ধে পরিচালিত এ ধরনের হামলা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক সংস্থাগুলো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। জাতিসংঘ ও ওআইসির সমালোচনা করে তিনি বলেন, তাদের নিষ্ক্রিয়তায় বিশ্ববাসী আস্থা হারাচ্ছে।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান জাতিসংঘের প্রতি দ্রুত ও ফলপ্রসূ ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াত নেতা হাফিজুর রহমান হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে রফিকুল ইসলাম খান অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান এবং এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

বক্তারা আরও বলেন, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে খামেনিকে হত্যার ঘটনার নিন্দা প্রস্তাব আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হবে।