ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

২৪ ঘণ্টায় সাত খুন, জামায়াত আমিরের ক্ষোভ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ১০:৩২ এএম
বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

নওগাঁ ও চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সাতজন হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের জনগণের নিরাপত্তা এখন উদ্বেগজনকভাবে হুমকির মুখে পড়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি সরকারের সমালোচনা করে এসব মন্তব্য করেন।

তিনি উল্লেখ করেন, নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের দম্পতি ও তাদের দুই শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। একই সময়ে চট্টগ্রামেও পৃথক ঘটনায় তিনজনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

সরকারের সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, দেশে রাজনৈতিক সরকার থাকার পরও কেন মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না এবং এসব ঘটনা সরকার কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

একই পোস্টে তিনি চট্টগ্রাম সিটি কলেজে সাম্প্রতিক সহিংসতার কথাও তুলে ধরেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে জানান তিনি। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে উল্লেখ করা হয়।

ডা. শফিকুর রহমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি। তিনি অভিযোগ করেন, সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিরা বিরোধী দলের সমালোচনায় বেশি মনোযোগী, যা পরিস্থিতির উন্নয়নে সহায়ক নয়।

নিহতদের প্রতি শোক জানিয়ে তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।