রাজধানীতে ‘জুলাই শহীদ পরিবার’ ও ‘জুলাই যোদ্ধা’দের অংশগ্রহণে জাতীয় সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়, এই সমাবেশে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ’ শিরোনামে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন দলের আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়াও ১১-দলীয় জোটের শীর্ষ নেতারা সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে।
সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে একই দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনি জোট।
সমাবেশকে ঘিরে রাজধানীতে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে।


