ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

একটি পক্ষ বুলেটের প্রস্তুতি নিচ্ছে : হাসনাত আবদুল্লাহ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৮:৪৩ পিএম
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ছবি- সংগৃহীত

একটি পক্ষ বুলেটের প্রস্তুতি নিচ্ছে, আর আমরা ব্যালটের প্রস্তুতি নিচ্ছি। এই বুলেটের রাজনীতিকে আমরা ব্যালটের রাজনীতির মাধ্যমে পরাজিত করব— আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ।

শনিবার খুলনা-৫ আসনের (ফুলতলা-ডুমুরিয়া) এলাকার ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারে সমর্থনে ফুলতলায় অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি।

হাসানাত আব্দুল্লাহ বলেন, এই নির্বাচন কোনো সহজ অর্জন নয়। এই নির্বাচন পেতে সহস্র মানুষ শহীদ হয়েছেন, অসংখ্য মানুষ গুম ও নির্যাতনের শিকার হয়েছেন।

তিনি বলেন, বিগত তিনটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। দিনের ভোট রাতে করা হয়েছে, মৃত মানুষকে কবর থেকে তুলে এনে ভোট দেওয়া হয়েছে। সব কর্মকাণ্ড ওপর মহলের নির্দেশে করা হয়েছিল।

হাসানাত আব্দুল্লাহ বলেন, এবারের নির্বাচন তরুণ প্রজন্ম ও শহীদদের রক্তে অর্জিত। কোনো পুলিশ সদস্য যদি অবৈধ টাকার মুখোমুখি হন, তাহলে সন্তান, বাবা-মা ও দেশের মানুষের কথা মনে রাখার আহ্বান জানান তিনি। 

১২ ফেব্রুয়ারির নির্বাচনে প্রশাসনকে জনতার কাতারে নেমে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে প্রশাসনের প্রতি জনগণের আস্থা ফিরবে। একই সঙ্গে তিনি দুর্নীতি ও তদবিরমুক্ত বাংলাদেশ গড়ার রাজনৈতিক অঙ্গীকার ব্যক্ত করেন।

ভোটারদের উদ্দেশে হাসানাত আব্দুল্লাহ বলেন, একটি পক্ষ কালো টাকা ও টাকার বস্তা নিয়ে নির্বাচনে নেমেছে।

মিডিয়া মালিকদের উদ্দেশে তিনি বলেন, নির্দিষ্ট দলের প্রচারণা চালালে সেই গণমাধ্যম আর গণমাধ্যম থাকে না, দালালে পরিণত হয়। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান জানান।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দীর্ঘদিনের দমন-পীড়ন ও চাঁদাবাজির কারণে দলের ভেতরে ক্ষোভ তৈরি হয়েছে। জিয়ার আদর্শে বিশ্বাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।