ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, ‘বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!’
তিনি গভীর শোক প্রকাশ করে লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’
এনসিপি নেতা আরও বলেন, ওসমান হাদির জীবন ও সংগ্রাম জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। অন্যায়, আধিপত্যবাদ ও শোষণের বিরুদ্ধে তার অবস্থান আগামী প্রজন্মকে সাহস ও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে উৎসাহিত করবে।
সারজিস আলম তার পোস্টে ওসমান হাদির আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান।
এর আগে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন