সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম দশগাঁও এলাকার একটি মাদরাসার প্রাঙ্গণে আয়োজিত কর্মিসভার সময় তিনি এ দাবি জানান।
আখতার হোসেন বলেন, ‘সবাই জানে যে, প্রশ্ন ফাঁস হয়েছে। ফাঁস হওয়া প্রশ্ন দিয়ে যারা পরীক্ষা দিয়েছে, তারা যখন শিক্ষক হবে, তখন আমাদের সন্তানদের কী শেখাবে? আমাদের সন্তানরাও তাদের কাছ থেকে শুধু নকল করা শিখবে।’
তিনি অভিযোগ করেন যে, পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি এবং অনিয়মের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের বিষয়টি সরকারের নজরে আনা হয়নি।
আখতার বলেন, এমন একটি নকলের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষার পর ইতোমধ্যে অনেককে আটক করা হয়েছে। অথচ পরীক্ষাটি এখনো বহাল রয়েছে। এটা কি সত্যিকারভাবে মেধার পরীক্ষার রূপ নাকি প্রশ্ন ফাঁসের সুবিধার্থে চালানো হয়েছে?
তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, “আমরা ২৪ সালের অভ্যুত্থানের সময় ‘কোটা নয়, মেধা, মেধা’ স্লোগান দিয়েছিলাম। সেই সময়ের মতোই আমরা দাবি জানাচ্ছি যে, সদ্য অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রমাণ স্পষ্ট। এই পরীক্ষা বহাল রাখা যাবে না। যারা এতে জড়িত ছিল, তাদের সকলকে আইনের আওতায় আনা আবশ্যক।”
এ সময় আখতার হোসেন নতুনভাবে নিয়োগ পরীক্ষা গ্রহণের দাবি জানিয়ে আরও বলেন, ‘আমাদের দেশ অনিয়মে ভরা। এই অনিয়মের কারণে আমরা আমাদের দেশকে সঠিকভাবে এগিয়ে নিতে পারিনি। তাই নতুন পরীক্ষা নিলে যোগ্য প্রার্থীরা সুযোগ পাবে এবং দেশের শিক্ষাক্ষেত্র আরও মেধাভিত্তিক হবে।’
কর্মিসভায় উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও রংপুর-৪ আসনের জোটের নির্বাচনি সমন্বয়কারী মোস্তাক আহমেদ, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মোস্তায়িন বিল্লাহসহ অন্যান্য স্থানীয় নেতাকর্মীরা।


