ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাতীয় পার্টিকে জনগণ প্রত্যাখ্যান করেছে, এটা আমাদের বড় বিজয়

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১০:০৫ এএম
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। ছবি : সংগৃহীত

রংপুরে এবারের জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে জনগণ প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি এ ঘটনাকে দলের জন্য ‘বড় বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিজয়-পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, রংপুরের ছয়টি আসনের মধ্যে ১১-দলীয় জোট একটি আসনে শাপলা কলি এবং পাঁচটি আসনে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয় অর্জন করেছে। এর মধ্য দিয়ে এবারের নির্বাচনে আওয়ামী লীগ কার্যত অনুপস্থিত এবং জাতীয় পার্টিও জনগণের ভোটে প্রত্যাখ্যাত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ৫ আগস্ট যেমন জাতীয় পার্টি প্রত্যাখ্যাত হয়েছিল, তেমনি ১২ ফেব্রুয়ারির ভোটেও রংপুরের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। স্বৈরাচারের দোসরদের জনগণ আর মেনে নেয়নি। এটি আমাদের কাছে বড় অর্জন।

বিজয়ে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, নিরপেক্ষ ভোটগ্রহণে যারা দায়িত্ব পালন করেছেন, রংপুর-৪ আসনের ভোটার, প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

তবে নির্বাচনকে ঘিরে বিভিন্ন স্থানে কারচুপি ও সহিংসতার অভিযোগও তুলে ধরেন তিনি। বলেন, কিছু জায়গায় মারামারি ও রক্তপাতের ঘটনা ঘটেছে। এসব বিষয়ে আমরা দল ও জোটের পক্ষ থেকে পর্যালোচনা করছি। শিগগিরই আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে।

রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান জানান, রংপুর-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ৯০৬। পীরগাছা ও কাউনিয়া উপজেলার ১৬৩টি কেন্দ্রে ৯৪৪টি বুথে ৩ লাখ ৩৮ হাজার ৩১৪ জন ভোট দেন। এর মধ্যে ৮ হাজার ২৬৩টি ভোট বাতিল হয়। বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ৫১।

ফলাফলে দেখা যায়, শাপলা কলি প্রতীকে আখতার হোসেন পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকে পান ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।