বিভিন্ন নম্বর থেকে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
পোস্টে সিফাত লেখেন, তার মোবাইল নম্বর, পারিবারিক ঠিকানা ও অন্যান্য ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস করা হয়েছে। এর পর থেকেই বিভিন্ন নম্বর থেকে তাকে ফোন ও বার্তার মাধ্যমে হত্যার হুমকি, হামলার আশঙ্কা এবং পরিবারের সদস্যদের ক্ষতির হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় তিনি পুলিশের কাছে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। একই সঙ্গে সীতাকুণ্ডের স্থানীয় প্রশাসন ও পুলিশকে বিষয়টি অবহিত করেছেন বলেও উল্লেখ করেন সিফাত।
পোস্টে তিনি সমর্থকদের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, এসব হুমকির বিরুদ্ধে আইনগত ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

