দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে চলমান পরিস্থিতি ও সেবার বিঘ্ন নিয়ে জাতীয় সংসদে তীব্র আলোচনা হয়েছে। রাস্তায় তেলের জন্য যানবাহনের দীর্ঘ সারি এবং কিছু পাম্প বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন সংসদ সদস্যরা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ জ্বালানি খাতে অনিয়ম ও সেবা সংকট নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি বলেন, ধীরে ধীরে বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাচ্ছে। সিলেটেও কিছু পাম্প বন্ধ হওয়ার খবর পাওয়া গেছে। রাস্তায় দীর্ঘ যানজট ও জ্বালানির লাইনে মানুষের ভোগান্তি বাড়লেও সরকার বিষয়টি যথাযথভাবে মোকাবিলা করছে না বলে তিনি অভিযোগ করেন।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, সরকার সমস্যাকে স্বীকার না করে বরং এড়িয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে এবং শিক্ষা ও দৈনন্দিন কার্যক্রমেও প্রভাব পড়ছে। তিনি প্রশ্ন রাখেন, সরকার কবে নাগাদ এই সমস্যার কার্যকর সমাধান দেবে।
জবাবে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, প্রতিদিন পাম্পগুলোতে নির্ধারিত পরিমাণ জ্বালানি সরবরাহ করা হচ্ছে। তবে সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতির কারণে চাহিদা হঠাৎ বেড়ে গেছে, যার ফলে স্বাভাবিক সময়ের তুলনায় দ্রুত তেল শেষ হয়ে যাচ্ছে।
তিনি জানান, আগে যে পরিমাণ তেল দেড় দিনে বিক্রি হতো, এখন তা মাত্র দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। এ কারণে পাম্পগুলোতে লাইন দেখা যাচ্ছে, তবে সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে দাবি করেন তিনি।
গ্যাস সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, পুরোনো সঞ্চালন লাইন এবং উৎপাদন কমে যাওয়ার কারণে কিছু এলাকায় চাপ কমে গেছে। এ সমস্যা সমাধানে একটি প্রকল্প নেওয়া হয়েছে, যা বাস্তবায়নে সময় লাগবে বলেও তিনি জানান।


