জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের অন্যতম সংগঠক দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সদ্য ঘোষিত দলের নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র কেন্দ্রীয় কমিটিতে নিজের নাম অন্তর্ভুক্ত হওয়াকে কেন্দ্র করে তিনি এ সিদ্ধান্ত নেন।
শনিবার (১৮ এপ্রিল) নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি প্রকাশ করেন। একই দিনে তিনি সংগঠনের আহ্বায়কের কাছে লিখিতভাবে দলের প্রাথমিক সদস্যপদসহ সব দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর চিঠিও দেন।
প্রীতি এনসিপির উত্তরাঞ্চলীয় প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদেও ছিলেন। এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে দলীয় প্রাথমিক মনোনয়নও পেয়েছিলেন তিনি।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে এনসিপির কেন্দ্রীয় সংগঠক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং একই বছরের ১৬ মে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান। দলের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখেই তিনি রাজনীতিতে যুক্ত হয়েছিলেন বলে জানান।
তবে বর্তমান কার্যক্রমে সেই প্রতিশ্রুতির প্রতিফলন না থাকায় হতাশা প্রকাশ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে দল ব্যর্থ হওয়ায় এ সংগঠনের সঙ্গে তার আর সম্পৃক্ত থাকা সম্ভব নয়। এ কারণে তিনি সব পদ ও সদস্যপদ ত্যাগ করার সিদ্ধান্ত নেন।
ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, নির্বাচনের আগেই তিনি এনসিপির কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপরও নারী সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে নিজের নাম দেখে তিনি বিস্মিত হন এবং জানান, ওই কমিটির সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।
উল্লেখ্য, শনিবার এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র ৫৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে মনিরা শারমিনকে আহ্বায়ক এবং মাহমুদা আলম মিতুকে সদস্য সচিব করা হয়।
এ বিষয়ে দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেন, প্রীতি আগে থেকেই দলের কার্যক্রমে নিষ্ক্রিয় ছিলেন এবং সম্প্রতি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন