জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন মাইনুল ইসলাম মান্না।
তিনি গত ২৩ মে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বরাবর লিখিত অব্যাহতি-পত্র পাঠান। তবে বিষয়টি তিনি প্রকাশ করেন গত ৩১ মে রাত ১০টার দিকে নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে।
এক ফেসবুক পোস্টে অব্যাহতি-পত্রটি শেয়ার করে মান্না লেখেন, ‘এ সিদ্ধান্ত একান্তই আমার ব্যক্তিগত। কারো কোনো জোর-জবরদস্তি বা চাপে এ সিদ্ধান্ত নিইনি। আহ্বায়ক থাকাকালীন সময়ে কেউ যদি আমার কোনো আচরণ বা কথায় কষ্ট পেয়ে থাকেন, দয়া করে ক্ষমা করে দেবেন।’
কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো অব্যাহতি-পত্রে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত ও পারিবারিক কিছু সমস্যার কারণে তিনি ঝালকাঠি জেলা আহ্বায়কের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিতে ইচ্ছুক।
তিনি আরও লেখেন, আমি সবসময় দলের আদর্শ ও কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এবং ভবিষ্যতেও দলের কল্যাণ কামনা করি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন