ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র কিনলেন সারজিস আলম

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ১২:৫৫ এএম
সারজিস আলম। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে তাঁর পক্ষে দলের নেতাকর্মীরা মনোনয়নপত্র ক্রয় করেন।

এ সময় তাঁর পক্ষে উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শিশির আসাদ, তানবীরুল বারী নয়ন এবং তেঁতুলিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান হাবিব।

মনোনয়নপত্র ক্রয়ের বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করে প্রার্থী সারজিস আলম বলেন, পার্টির পক্ষ থেকে আমাকে পঞ্চগড়-১ আসনে প্রার্থী হিসেবে নির্ধারণ করা হয়েছে। আজ দলের নেতাকর্মীরা মনোনয়নপত্র কিনেছেন।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে।

সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ সবাইকে তাদের সর্বোচ্চ কার্যক্রম হাতে নিতে হবে। তাহলেই আশা করি আমরা একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগোতে পারব।