বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বৃহস্পতিবার (৯ এপ্রিল) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। মন্ত্রীর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।
বৈঠকের শুরুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান। তিনি দেশের গণতন্ত্রের জন্য দীর্ঘদিনের সংগ্রাম এবং এর অব্যাহত অগ্রগতিরও প্রশংসা করেন।
উপদেষ্টা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমকে উষ্ণ ব্যক্তিগত শুভেচ্ছা জানান এবং তার পক্ষ থেকে একটি চিঠি হস্তান্তর করেন।
উভয় পক্ষ শ্রম সম্পর্ক বিষয়ে আলোচনা করেন এবং শ্রমিক শোষণ রোধে একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন ও কার্যকর নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে দ্বি-পাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উপায় নিয়েও আলোচনা হয় এবং উভয় পক্ষ পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সম্পৃক্ততা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পারস্পরিক সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণও জানান।

