ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ব্রিটেনে মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন সিলেটের ফরহাদ

জুবায়ের আহমেদ, লন্ডন
প্রকাশিত: মে ৮, ২০২৬, ১০:০৯ পিএম
সিলেটের ফরহাদ হোসেন

ব্রিটেনের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির প্রার্থী ফরহাদ হোসেন পূর্ব লন্ডনের নিউহ্যাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন। ফরহাদ হোসেনের দেশের বাড়ি সিলেটের বালাগঞ্জে।

এই জয়ের মাধ্যমে তিনি ব্রিটেনের ইতিহাসে প্রথম কোনো মূলধারার রাজনৈতিক দল (লেবার পার্টি) থেকে নির্বাচিত প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নির্বাহী মেয়র হওয়ার গৌরব অর্জন করলেন। ফরহাদ হোসেনের এই জয় লেবার পার্টির মতো একটি প্রধান দলের হয়ে প্রথম কোনো বাংলাদেশির মেয়র নির্বাচিত হওয়ার নজির। 

জানা যায়, নির্বাচনে ফরহাদ হোসেন মোট ২৫ হাজার ৫৩৮টি ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউহাম ইন্ডিপেন্ডেন্টস পার্টির মেহমুদ মির্জা পেয়েছেন ২০ হাজার ২৩৪ ভোট এবং গ্রিন পার্টির আরিক চৌধুরী ৮ হাজার ৯৯৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। নব নির্বাচিত মেয়র ফরহাদ হোসেন ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্লাস্টো নর্থ ওয়ার্ডের লেবার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 

ফরহাদ হোসেন বিদায়ী মেয়র রোকসানা ফিয়াজের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন।