অস্ট্রেলিয়ায় বসবাসরত বৃহত্তর সিলেট অঞ্চলের প্রবাসীদের অন্যতম সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনকের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ঈদের আনন্দ, প্রবাসী মিলনমেলা এবং বাংলা সংস্কৃতির সমন্বয়ে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠান সিডনির রিভারউডে বাঙালি ঐতিহ্যের আবহ সৃষ্টি করে।
রোববার রিভারউডের একটি পার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিপুল অংশগ্রহণে ঈদ আনন্দ নতুন মাত্রা পায়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
দিনব্যাপী আয়োজনে অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী বাংলা খেলাধুলা। শিশু, কিশোর, তরুণ ও প্রবীণদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হাসি-আনন্দে ভরপুর এ আয়োজন প্রবাসের মাটিতে যেন এক টুকরো বাংলাদেশের আবহ তৈরি করে।
প্রীতিভোজ, খেলাধুলা, ঈদের শুভেচ্ছা বিনিময়, আড্ডা ও মতবিনিময়ে অংশ নেন উপস্থিত প্রবাসীরা। সংগঠনের সভাপতি জাহেদুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ফারুক চৌধুরী।
বক্তারা বলেন, প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও এ ধরনের আয়োজন কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য এবং পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ তুলে ধরতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ বোরহান উদ্দিন বাহার, সহ-সভাপতি সামছুদ্দিন লুলু, মাওলানা ফাজিল বারী, সাংগঠনিক সম্পাদক আব্দুস শুকুর, ক্রীড়া সম্পাদক আহমদ আল কবির এবং সদস্য মামুনুর রশিদ। পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক শাহ আলম শুভেচ্ছা বক্তব্য দেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক এম. ডি. আকলাকুর ইসলাম, ট্রেজারার জামান সারোয়ার শিপু, সদস্য হাসান আহমদ, গোলাম জাকাইয়া জকু, সালমান রেজা, কামরান হোসেন ও এমাদ উদ্দিন চৌধুরীসহ অন্যান্য অতিথিরা।
সমাপনী বক্তব্যে সভাপতি জাহেদুল হক চৌধুরী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসে নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং কমিউনিটির মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও শক্তিশালী করতেই জালালাবাদ অ্যাসোসিয়েশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

