সংযুক্ত আরব আমিরাতে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ। ইউএইর জাতীয় দিবস এবং গাউছুল আজম মাইজভাণ্ডারীর দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে আট ধাপে এই বৃহৎ রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির সার্বিক নির্দেশনায় ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। আয়োজনে সহযোগিতা করে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ইউএই কার্যকরী সংসদ। মিডিয়া পার্টনার হিসেবে ছিল বাংলাদেশ প্রেসক্লাব ইউএই।
কর্মসূচির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরের ব্লাড সেন্টারে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান কর্মসূচিতে বাংলাদেশ মিশনের কর্মকর্তাসহ স্থানীয় কমিউনিটির বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি অংশ নেন। এতে ১ হাজার ২১ জন প্রবাসী বাংলাদেশি স্বেচ্ছায় রক্তদান করেন।
আয়োজকদের মতে, রক্তদানকে সহজলভ্য ও জনপ্রিয় করতে এ ধরনের উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এ উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পাশাপাশি প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতেও ভূমিকা রাখছে।
আয়োজকরা আরও জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনার করা হবে।
এ ধরনের উদ্যোগ আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি বাংলাদেশকে একটি স্বাস্থ্যসচেতন জাতি হিসেবে পরিচিত করাতে সহায়ক হবে বলে মনে করেন প্রবাসীরা।

