স্থানীয় ভাষায় এলাকার নানান সমস্যা নিয়ে ‘সাংবাদিকতা’ ধাঁচে কন্টেন্ট বানিয়ে ভাইরাল হওয়া কুড়িগ্রামের নারায়ণপুরের তাজুল ইসলামের ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। রোববার (৫ এপ্রিল) দুপুর থেকে তাজুল ইসলামের ফেসবুক পেজটি উধাও হয়ে গেছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ও তাজুল ইসলামের মেন্টর কবিরুল ইসলাম জানান, ‘অতি অল্প সময়ে এক মিলিয়ন ফলোয়ার ও অধিক ভিউ শুরু হওয়ায় সম্ভবত মেটা থেকে পেজটি যাচাই করার উদ্দেশ্যে সাময়িক অদৃশ্য করা হয়েছে। আশা করছি, কয়েক ঘণ্টার মধ্যে পেজটি তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।’
মাত্র ১০ হাজারের কম ফলোয়ার নিয়ে গত ২৮ মার্চ আকস্মিক ‘ভাইরাল’ হয়ে যান তাজুল ইসলাম। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চরনারায়ণপুরের স্থানীয় একটি বাজারে ‘সরকারি রেটে জিলাপি বিক্রি হচ্ছে’ শিরোনামে নিজ পেজে একটি ভিডিও ছাড়েন তাজুল। কথা বলার ধরনের কারণে ভিডিওটি ট্রলের উদ্দেশ্যে ব্যাপক শেয়ার হতে থাকে।
অবশ্য কিছু সময়ের ব্যবধানে প্রশংসায়ও ভাসে তার কিছু ভিডিও। প্রত্যন্ত চরাঞ্চলের একজন স্বল্প শিক্ষিত দিনমজুর হয়েও এলাকার জনভোগান্তি নিয়ে তৈরি তার বিভিন্ন কনটেন্ট ব্যাপক শেয়ার হতে থাকে। তাতেই সপ্তাহের ব্যবধানে তার পেজের ফলোয়ার বেড়ে এখন এক মিলিয়নের ওপর।
তবে হঠাৎ করেই পেজটি উধাও হওয়ায় নেটিজেনদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা এ জন্য তাজুল ইসলামকে নিয়ে মেতে ওঠা অতি উৎসাহী কনটেন্ট নির্মাতাদের দায়ী করেছেন।
এ বিষয়ে কথা বলতে তাজুল ইসলামের মোবাইল নম্বরে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন