বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ফজরের নামাজের পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
ফেসবুক পোস্টে তিনি শোক প্রকাশ করে লিখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তার রুহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’
উল্লেখ্য, বাংলাদেশের রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পাওয়া খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। তিনি ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার রাজনৈতিক জীবন ছিল দীর্ঘ ও ঘটনাবহুল।


