ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খেলা বন্ধের হুঁশিয়ারি ক্রিকেটারদের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ১০:০৩ পিএম
ছবি- সংগৃহীত

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরের মধ্যে পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ রাখার আল্টিমেটাম দিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

বুধবার (১৪ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন ।

মোহাম্মদ মিঠুন বলেন, বিপিএলের ম্যাচ শুরুর আগেই নাজমুল ইসলামকে পদত্যাগ করতে হবে। অন্যথায় ক্রিকেটাররা সম্মিলিতভাবে খেলায় না নামার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, ক্রিকেটারদের নিয়ে নাজমুল ইসলামের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের প্রতিবাদেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি ক্রিকেটারদের সম্মান ও পেশাদারিত্বের সঙ্গে সাংঘর্ষিক।

এর আগে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, এম নাজমুলের মন্তব্য অনুপযুক্ত, আপত্তিকর বা আঘাতজনক হিসেবে গণ্য হতে পারে। তবে বোর্ড স্পষ্ট করে দিয়েছে, অনুমোদিত চ্যানেল ছাড়া পরিচালকের ব্যক্তিগত মন্তব্য বোর্ডের অবস্থান বা নীতির প্রতিফলন নয়।

বিসিবি জানিয়েছে, ক্রিকেটারদের প্রতি কোনো অসম্মান বা বাংলাদেশ ক্রিকেটের সুনাম ক্ষুণ্ন করার ক্ষেত্রে যথাযথ শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে। বোর্ড আবারও পুনর্ব্যক্ত করেছে, দেশের জন্য নিষ্ঠা ও গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের প্রতি তাদের পূর্ণ সমর্থন ও সম্মান থাকবে।