ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের, আইসিসির কড়া প্রতিক্রিয়া

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৩:১০ এএম
ফাইল ছবি

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বয়কটের নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। আগামী ১৫ ফেব্রুয়ারির ওই ম্যাচ না খেলতে সরকারের এমন ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৈশ্বিক ক্রিকেটের জন্য বিষয়টিকে ‘গুরুতর উদ্বেগের’ বলে উল্লেখ করেছে সংস্থাটি।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইসিসি জানায়, পাকিস্তান সরকারের ঘোষণার বিষয়ে তারা অবগত। তবে আন্তর্জাতিক টুর্নামেন্টে বেছে বেছে ম্যাচ খেলার সিদ্ধান্ত একটি বৈশ্বিক আসরের মূল দর্শনের সঙ্গে সাংঘর্ষিক।

বিবৃতিতে বলা হয়, আইসিসি লক্ষ্য করেছে যে পাকিস্তান সরকার তাদের জাতীয় দলকে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাইভিত্তিকভাবে অংশগ্রহণের বিষয়ে নির্দেশ দেওয়ার কথা জানিয়েছে।

আইসিসি আরও জানায়, এ বিষয়ে এখনো পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ পায়নি তারা। তবে সংস্থাটি স্পষ্ট করেছে, নির্ধারিত কোনো ম্যাচে অংশ না নেওয়া বিশ্বকাপের মৌলিক নীতির পরিপন্থী।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাছাই করে অংশগ্রহণের এই ধারণা একটি বৈশ্বিক ক্রীড়া আসরের মৌলিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সূচি অনুযায়ী সব যোগ্য দলকে সমান শর্তে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে হয়।

পাকিস্তান সরকারের ভূমিকার প্রতি সম্মান জানালেও আইসিসি বলেছে, এমন সিদ্ধান্ত ক্রিকেট ও সমর্থকদের স্বার্থের পরিপন্থী। বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নীতির বিষয়ে সরকারের ভূমিকার প্রতি আইসিসি শ্রদ্ধাশীল। তবে এই সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেট কিংবা পাকিস্তানসহ বিশ্বের লাখো ক্রিকেটপ্রেমীর জন্য ইতিবাচক নয়।

এ সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও সতর্ক করেছে আইসিসি। সংস্থাটি জানিয়েছে, পিসিবির উচিত দেশের ক্রিকেটের ওপর এর সম্ভাব্য গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে গভীরভাবে ভাবা।

বিবৃতির শেষাংশে বলা হয়, আইসিসির সর্বোচ্চ অগ্রাধিকার আসন্ন আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে আয়োজন করা। এ লক্ষ্যে পিসিবিসহ সব সদস্য বোর্ডের সহযোগিতায় ‘পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান’ খোঁজার প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।